গোপনীয়তা নীতি
সহজ কথায়: আপনি থাকবেন বেনামে, আপনার নাই থাকবে প্রকাশ্যে। নিচে বিস্তারিত।
আমরা কখনো চাই না বা রাখি না
- ইমেইল
- ফোন নম্বর
- অ্যাকাউন্ট বা পাসওয়ার্ড
- আসল আইপি অ্যাড্রেস
- ডিভাইস আইডি
- ছবির GPS লোকেশন
নাম ঐচ্ছিক — দিলে শুধু আপনার ইচ্ছায়, আর সেটাই সবাই দেখে।
১. বেনামে, নাম ঐচ্ছিক
পোস্ট, ছবি বা খেলা — কোথাও অ্যাকাউন্ট, ইমেইল বা ফোন নম্বর লাগে না। ডিফল্টভাবে সব বেনামে। নাম দেওয়া পুরোপুরি আপনার ইচ্ছা: কিছু পোস্টে নিজের নাম দিতে পারেন, লিডারবোর্ডে একটা ডাকনাম রাখতে পারেন, আর নাই গ্যালারিতে চেহারা ঝাপসা ছাড়া ছবি দিলে নাম দিতে হয়। যে নাম দেন, সেটাই সবাই দেখে — এর বাইরে আমরা আপনার পরিচয় জানি না, জানতেও চাই না।
২. আমরা কী রাখি
আপনি যা প্রকাশ করেন: পোস্ট (কী নাই, কোথায়, কখন, বিবরণ, সমাধান, ট্যাগ), নাই গ্যালারির ছবি, ইঙ্গিত, উত্তর আর অনুমান, খেলার স্কোর আর ডাকনাম। স্প্যাম ঠেকাতে আর এক জনের বারবার “আমারও নাই” বা ভোট আটকাতে আইপি আর ব্রাউজারের তথ্য থেকে একটা একমুখী কোড (‘ফিঙ্গারপ্রিন্ট’) বানিয়ে রাখি — আসল আইপি বা ডিভাইসের তথ্য নয়, আর কোড থেকে সেগুলো ফেরত পাওয়া যায় না। খেলার জন্য আপনার ব্রাউজারে একটা এলোমেলো গোপন চাবি থাকে; আমাদের কাছে থাকে শুধু তার কোড। ব্রাউজারের ডেটা মুছলে বা নতুন ফোনে গেলে আপনি নতুন খেলোয়াড় হয়ে যান।
৩. অবস্থান
অবস্থান যতটা মোটাদাগে সম্ভব — বিভাগ, জেলা বা এলাকা, যা আপনি নিজে লেখেন। আপনার ফোনের GPS আমরা কখনো চাই না, আর গ্যালারির ছবির ভেতরে লুকানো লোকেশনও মুছে ফেলি।
৪. প্রকাশ্যে কী দেখা যায়
পোস্ট, ছবি, অনুমান আর রিঅ্যাকশনের সংখ্যা সবার জন্য খোলা — নাম শুধু তখনই, যখন আপনি নিজে দিয়েছেন। গ্যালারিতে ঠিক অনুমানের লেখা অন্যদের কাছে লুকানো থাকে। ফিঙ্গারপ্রিন্ট, গোপন চাবি বা অন্য কোনো কারিগরি তথ্য কখনো দেখানো হয় না।
৫. Facebook পেজে শেয়ার
সাইটের পোস্ট আর নাই গ্যালারির ছবি মাঝে মাঝে nainai.lol-এর নিজের Facebook পেজে শেয়ার হয় — যেমন সাইটে আছে তেমনই, বেনামে (নাম থাকে শুধু যদি আপনি দিয়ে থাকেন), সাথে সাইটের লিংক। গ্যালারির উত্তর কখনো শেয়ার হয় না। আপনার কোনো পোস্ট বা ছবি পেজ থেকে সরাতে চাইলে নিচের ঠিকানায় জানান।
৬. তথ্য বিক্রি নয়
আমরা কারও তথ্য বিক্রি করি না, বিজ্ঞাপনদাতাদের দিই না, কোনো বিজ্ঞাপন-ট্র্যাকারও বসাই না। ডেটা আর ছবি থাকে আমাদের ডেটাবেস ও ফাইল রাখার সেবা Supabase-এ; AI-এর কাজগুলো হয় Google-এর মাধ্যমে (নিচে বিস্তারিত)।
৭. মডারেশন
আপত্তিকর, ভুয়া বা কারও ব্যক্তিগত পরিচয় প্রকাশকারী পোস্ট বা ছবি সরানো হতে পারে। যে কেউ “আপত্তিকর” জানাতে পারেন; কয়েকজন জানালে পোস্ট বা ছবি নিজে থেকে লুকিয়ে যায়, তারপর মডারেটর দেখে আবার প্রকাশ করেন, ঝাপসা করেন বা মুছে দেন।
৮. নাই আলাপ ও নাইনাই বন্ধু
নাই আলাপের কোনো বার্তা আমরা সংরক্ষণ করি না — ট্যাব বন্ধ করলে বা ৩০ মিনিট চুপ থাকলে সব মুছে যায়। আলাপ জমিয়ে রাখতে রুমে কয়েকজন ‘নাইনাই বন্ধু’ থাকে — ওরা AI; ওদের নামের পাশে ছোট করে ‘AI’ লেখা থাকে। কেউ আন্তরিকভাবে জানতে চাইলে নিজেকে AI বলেই পরিচয় দেয়, আর শুধু সাইটে প্রকাশিত পোস্টের কথাই বলে, নিজে থেকে কোনো ঘটনা বানায় না। ওদের উত্তর তৈরি হয় Google-এর AI দিয়ে, তাই রুমের সাম্প্রতিক বার্তাগুলো উত্তর তৈরির জন্য Google-এ পাঠানো হয়। একান্ত (ব্যক্তিগত) আলাপের বার্তা কখনো পাঠানো হয় না। নাম, ফোন নম্বর বা লিংক রুমে এমনিতেই দেওয়া যায় না।
৯. ভিজিট গোনা
সাইট কতজন দেখছেন আর কোন অংশ কাজে লাগছে তা বুঝতে আমরা নিজেরাই ভিজিট গুনি — কোনো কুকি বা বাইরের ট্র্যাকার (যেমন Google Analytics) ছাড়া। কোন পেজ দেখা হলো, কোথা থেকে এলেন (যেমন Facebook), মোবাইল না কম্পিউটার, আর কোন বাটনে চাপ পড়ল (শেয়ার, রিঅ্যাকশন, আমারও নাই, অনুমান, চ্যাটে বার্তা পাঠানো) — শুধু এটুকু। চ্যাটের বার্তার লেখা কখনো রাখা হয় না, শুধু ‘একটি বার্তা গেল’ গোনা হয়। একই দিনের ভিজিটগুলো মেলাতে একটি কোড ব্যবহার হয় যা প্রতিদিন বদলায়, তাই কাউকে দিনের পর দিন অনুসরণ করা যায় না। এই হিসাব শুধু আমাদের জন্য, কারও সাথে শেয়ার করা হয় না।
১০. AI কোথায় কাজ করে
AI-এর সব কাজ হয় Google-এর Gemini দিয়ে, আর শুধু ততটুকু পাঠানো হয় যতটুকু দরকার। “AI দিয়ে ঘষামাজা” চাপলে শুধু আপনার লেখাটা যায় — প্রস্তাব রাখবেন কি না আপনিই ঠিক করেন, এক সেশনে সর্বোচ্চ ৩ বার। নাই গ্যালারিতে ছবি দিলে ছবি, ইঙ্গিত আর উত্তর একবার যায়, যাতে আপত্তিকর ছবি আটকানো আর চেহারা-নম্বর ঝাপসা করা যায়। কারও নতুন অনুমান মেলাতে ছবি, ইঙ্গিত, উত্তর আর অনুমানটা যায় — আগে যাচাই হওয়া একই অনুমান হলে কিছুই যায় না, ডেটাবেস থেকেই মিলিয়ে দেওয়া হয়। AI-এর রায় ভুল হতে পারে; গ্যালারিতে ছবিদাতা নিজে যেকোনো অনুমানকে ঠিক বলে মেনে নিতে পারেন।
১১. নাই গ্যালারির ছবি
ছবি দিলে আপনার ফোনেই সেটা ছোট করা হয়, তারপর আমাদের সার্ভার প্রায় ১০০ KB-তে নামিয়ে রাখে — ছবির ভেতরের লোকেশন (GPS), ক্যামেরা ও তারিখের তথ্য মুছে ফেলা হয়। মানুষের চেহারা, গাড়ির নম্বরপ্লেট আর ফোন বা কার্ডের নম্বর ঝাপসা করে দেওয়া হয়, আর ঝাপসা করার আগের আসল ছবিটা রাখা হয় না। ছবিদাতা চাইলে নিজের নাম দিয়ে, নিজ দায়িত্বে বড়দের চেহারা ঝাপসা না করেও দিতে পারেন — তখন ছবির নিচে সেটা লেখা থাকে; শিশুদের চেহারা সবসময় ঝাপসা হয়। ছবিতে আপনি থাকলে আর সরাতে চাইলে “ছবিটা আপত্তিকর?” চাপুন বা আমাদের জানান।
১২. মুছতে চাইলে বা প্রশ্ন থাকলে
অ্যাকাউন্ট নেই বলে আমরা নিজে থেকে বুঝতে পারি না কোনটা আপনার পোস্ট — তাই পোস্ট বা ছবির লিংকসহ আমাদের Facebook পেজে (facebook.com/nainai.lol) মেসেজ দিন। গোপনীয়তা নিয়ে যেকোনো প্রশ্নও সেখানেই করুন; যথাসাধ্য দ্রুত সাড়া দেব।

